লগইন
লগইন

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস

প্রবাস ডেস্ক: মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে সে দেশের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের স্থানীয় আইনকানুন কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান নানা উত্তেজনাকর পরিস্থিতির কারণে সৌদি প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং বিদেশি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট বা যুদ্ধাবস্থা সংক্রান্ত যেকোনো ধরনের তথ্য, ছবি কিংবা ভিডিও ধারণ করা এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা আদান-প্রদান করা সম্পূর্ণ নিষিদ্ধ। সৌদি আরবের সাইবার অপরাধ ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এই ধরনের কার্যক্রম গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ ধরনের কাজের সঙ্গে জড়ালে কঠোর আইনি ব্যবস্থা ও জেল-জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের এই আইন লঙ্ঘনের পরিণতি সম্পর্কে সচেতন করতে নানা উদ্যোগ নিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, না জেনে বা কৌতূহশবশতও কোনো সংবেদনশীল কনটেন্ট ইন্টারনেটে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। প্রবাসীরা যেন কোনোভাবেই অপ্রীতিকর পরিস্থিতির মুখে না পড়েন, সেজন্য দায়িত্বশীল আচরণ প্রদর্শনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রবাসীদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং আইন অমান্যকারী প্রবাসীদের কোনো আইনি সহায়তা প্রদান করা সৌদি আইনের আওতায় কঠিন হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা যাতে দেশটির আইন মেনে নিরাপদে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেই এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

মন্তব্য করুন