লগইন
লগইন

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

দেশের বিভিন্ন উপজেলার মাঠপ্রশাসনে বড় ধরনের প্রশাসনিক রদবদল এনেছে সরকার। বিভিন্ন এলাকায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়গুলোতে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে সম্প্রতি জারি করা কয়েকটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের আদেশ দেওয়া হয়। জনস্বার্থের কথা বিবেচনা করেই মূলত এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনগুলোতে প্রত্যুষিত কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর এবং বর্তমান কর্মস্থলের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তা এতদিন দেশের আটটি বিভাগের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, নামজারি কার্যক্রম এবং ভূমি বিরোধ নিষ্পত্তির মতো জনসেবামূলক কাজে তারা নিয়োজিত ছিলেন।

নতুন এই আদেশের ফলে প্রত্যাহারকৃত কর্মকর্তাদের পরবর্তীতে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হবে। আর এই পদায়ন প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই এই পদক্ষেপে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া শুরু করবেন।

এদিকে প্রজ্ঞাপন জারির পর এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী এই আদেশ বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস থেকে পরবর্তী গেজেট বিজ্ঞপ্তিতে প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদ করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন