প্রথম ম্যাচের হতাশা পেছনে ফেলে আইএল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়েছে দুবাই ক্যাপিটালস। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সকে ৪৫ রানে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে দুবাই ক্যাপিটালস নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতেই ১১৯ রানে অলআউট হয়ে যায় ভাইপার্স।
দলের জয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নেমে দুই ওভার পাঁচ বলে মাত্র ১২ রান খরচ করে দুটি উইকেট শিকার করেন তিনি। আগের ম্যাচে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে চার ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য থাকায় বড় ব্যবধানে হেরেছিল ক্যাপিটালস। তবে এবারের ম্যাচে আঁটসাঁট বোলিং করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন এই বাঁহাতি পেসার।
রান তাড়ার শুরুতেই ধাক্কা খাওয়া ভাইপার্সের ইনিংসে পঞ্চম ওভারে বোলিংয়ে এসে প্রভাব ফেলেন মোস্তাফিজ। ওভারের শেষ বলে স্লোয়ার ডেলিভারিতে ফাখার জামানকে পয়েন্টে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। পরবর্তীতে ইনিংসের শেষ ওভারে আক্রমণে এসে পঞ্চম বলে মুজিব উর রাহমানকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে প্রতিপক্ষের ইনিংসের সমাপ্তি টানেন মোস্তাফিজ।
এদিকে ক্যাপিটালসের জয়ে প্রধান ভূমিকা পালন করেছেন নুর আহমাদ। চার ওভারে মাত্র ২০ রান খরচ করে চার উইকেট তুলে নেন এই আফগানি স্পিনার। দলের জয়ে বড় অবদান রাখায় ২১ বছর বয়সী এই তরুণ খেলোয়াড় ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন। এই জয়ের ফলে আসরে ঘুরে দাঁড়াল দুবাই ক্যাপিটালস।